প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টেট ডিপার্টমেন্টের তথ্যানুযায়ী, অনলাইনে পাসপোর্ট নবায়নের আবেদন করার একটি প্রধান শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থান করতে হবে।
যদি কোনো মার্কিন নাগরিক দেশের বাইরে থাকাকালীন অনলাইন সিস্টেমের মাধ্যমে আবেদন সম্পন্ন করেন, তবে সাবমিট বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই তার বর্তমান কার্যকর পাসপোর্টটি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বাতিল হওয়া পাসপোর্ট দিয়ে ওই ব্যক্তি আর কোনো আন্তর্জাতিক ভ্রমণ করতে পারবেন না, এমনকি সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার জন্যও সেটি ব্যবহার করা সম্ভব হবে না।
সাম্প্রতিক সময়ে ভারত ও এশিয়ার বিভিন্ন দেশে অবস্থানরত আমেরিকানদের মধ্যে এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে তারা দ্রুত সেবা পাওয়ার আশায় অনলাইনে আবেদন করেছেন এবং পরবর্তীতে বিমানবন্দরে গিয়ে জানতে পেরেছেন তাদের পাসপোর্টটি আর কার্যকর নেই।
এমন পরিস্থিতিতে পড়লে নাগরিককে আবার নতুন করে পূর্ণাঙ্গ ফি প্রদান করে নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
অনলাইন নবায়ন পদ্ধতিটি সহজ হলেও এটি সবার জন্য প্রযোজ্য নয়। নিম্নলিখিত ক্ষেত্রে নাগরিকদের সশরীরে বা ডাকযোগে আবেদন করতে বলা হয়েছে:
অবস্থান: যুক্তরাষ্ট্রের বাইরে থাকলে অনলাইন সুবিধা পাওয়া যাবে না।
নাম পরিবর্তন: যদি পাসপোর্টে নাম পরিবর্তন বা অন্য কোনো তথ্য সংশোধন করতে হয়।
ক্ষতিগ্রস্ত পাসপোর্ট: পাসপোর্টটি যদি ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত থাকে।
বয়স: ১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বা যাদের পাসপোর্ট ১৬ বছর বয়সের আগে ইস্যু করা হয়েছিল।
আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্ট আরও কিছু বিষয়ে সতর্ক করেছে:
অধিকাংশ দেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের অন্তত ৬ মাসের মেয়াদ থাকা বাধ্যতামূলক। মেয়াদ এর কম থাকলে অনেক এয়ারলাইন্স বোর্ডিং করতে দেয় না।
ডিজিটাল পাসপোর্ট বা ফোনে থাকা ডিজিটাল আইডি বর্তমানে শুধুমাত্র অভ্যন্তরীণ কিছু এয়ারপোর্টের জন্য কার্যকর। আন্তর্জাতিক ভ্রমণের জন্য অবশ্যই ফিজিক্যাল পাসপোর্ট বুক সাথে রাখতে হবে।
আপনি যদি বর্তমানে বাংলাদেশের বাইরে থাকেন এবং আপনার মার্কিন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তবে কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে না গিয়ে সরাসরি ঢাকাস্থ মার্কিন দূতাবাস বা আপনার নিকটস্থ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করুন।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, পাসপোর্ট নবায়নের আগে আপনার ভ্রমণের সূচি ভালোভাবে যাচাই করে নিন। হাতে পর্যাপ্ত সময় না থাকলে নবায়নের আবেদন এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। অন্যথায় আপনার সাধের বিদেশ ভ্রমণটি মাটি হয়ে যেতে পারে। সূত্র: দ্য ট্রাভেল।